দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল জানতে পারে, পিকআপ ভ্যানে করে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ঈদগাঁও বাজারের আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
এ সময় পিকআপ ভ্যানটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপের চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ছাড়াও দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতারের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।