সিনিয়র রিপোর্টার: কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তুমব্রু বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
৩৪ বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পাড়া কোকনের আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।