দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের দুই নাগরিক এবং একজন বাংলাদেশি রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশের ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে মিয়ানমারে ওষুধ পাচারের পরিকল্পনা ছিল তাদের।
পরে আটক দুই মিয়ানমারের নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করে কোস্ট গার্ড।