দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোনসহ আব্দুর রহমান (২৩) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া থানাধীন কোর্টবাজার স্টেশন সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালায় র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, এক মাদক কারবারি ইজিবাইকে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। পরে কোর্টবাজার স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ইজিবাইক চালক পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ফেলে ইজিবাইকসহ আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইক তল্লাশি করে দুটি কালো পলিথিনের প্যাকেট থেকে স্কচটেপে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে ইয়াবা ছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আব্দুর রহমান উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তিনি মোহাম্মদ ইদ্রিস ও হাসিনা বেগমের ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা, ইজিবাইক ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।