দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব-১৫।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা জাফর আলম (৫৫) এবং করাচিপাড়ার বাসিন্দা মো. তারেক (১৯)।
র্যাব-১৫ জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছিল র্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা জাফর আলম ও মো. তারেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।