দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক ট্রাকচালককে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে চালক জামাল উদ্দিনকে (২৭) জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মাদক থাকার বিষয়টি অস্বীকার করেন।
পরে ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪৩ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জামাল উদ্দিন উখিয়া উপজেলার রুমখা হাজীর পাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।