দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের আগেই ১০ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় পিএইচপি বরফ কলের পাশে এ অভিযান চালায় র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল আমিন (২২)। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র প্রলোভন দেখিয়ে কয়েকজন নারী ও পুরুষকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নাইট্যংপাড়া এলাকায় জড়ো করেছে। পরে সেখানে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আব্দুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আব্দুল আমিন স্বীকার করেছে, সে ও তার পলাতক সহযোগীরা উদ্ধার হওয়া ১০ জনকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো করেছিল।
অভিযানস্থল থেকে উদ্ধার করা ১০ ভিকটিমকে নিরাপদে র্যাবের হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাও জানায়, তাদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসা হয়েছিল।
পরে উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মানবপাচার প্রতিরোধে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।