দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীন রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী সিএনজি ও অটোরিকশায় পৃথকভাবে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
আটকরা হলেন—টেকনাফের জাদিমুড়া এলাকার আলী হোসেন ইমামের ছেলে মো. কবিরুল রফিক (২৮), একই এলাকার আব্দুল করিমের স্ত্রী সালমা আক্তার (২৫), নোয়াখালীপাড়া এলাকার হোসেন আহাম্মেদের ছেলে মো. শহিদুল্লাহ (২৪) এবং এফডিএমএন ক্যাম্প-৬-এর কবির আহাম্মেদের ছেলে মো. ইমরান (৩৭)।
অভিযানকালে মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য মালামালসহ তাদের সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।