দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মায়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১ লাখ ৫৯ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) সকালে উখিয়ার পালংখালীর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজিটি রেখে পালিয়ে যায়।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা সিগারেট ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।