দিদারুল আলম জিসান: কক্সবাজারের
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্তবর্তী এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, মহাপরিচালকের ঘোষিত “সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি-এর নেতৃত্বে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এছাড়া স্থানীয় মাদ্রাসা, কিয়াংঘর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে বিজিবি সবসময় পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।