দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় নদীপথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি উখিয়া উপজেলার দক্ষিণ রহমতের বিল এলাকার বাসিন্দা মো. মনজুর আলী (৪০)। তিনি মো. আনোয়ার আলীর ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় নদীপথে মিয়ানমার থেকে মাথায় একটি বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন মনজুর আলী। বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর তার মাথায় বহন করা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর থাকা ১২টি কার্টনে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন।
বুধবার (২৯ জুলাই) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।