দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনের অভিযোগে একটি প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির চালকের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা গাড়িটি আরও গভীরভাবে পরীক্ষা করেন। পরে প্রাইভেটকারটির পেছনের ট্রাঙ্ক স্পেসের সাইড কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির চালক ও মালিক ওমর ফারুক রাসেল (৪১)-কে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চান্দিরপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্মার্ট ঘড়ি এবং ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৬৮০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্টে তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।