দিদারুল আলম জিসান: কক্সবাজার
টেকনাফ: ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলাকে কেন্দ্র করে পরিচালিত অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও মন্ডলপাড়া এলাকায় চক্রটির দুটি আস্তানায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, প্রায় তিন মাস ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনাকারী একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে সদস্যদের পরিচয় ও অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— শুক্কুর আলী (২৮), সাইফুল ইসলাম, জাফর আলম, সোলেমান (১৫), আব্দুল হান্নান (২৩), নূরুল হাকিম (১৯), জান্নাত উল্লাহ (২২), মোহাম্মদ ইউনুস (২১) এবং মোহাম্মদ ইসমাইল (৩৭)। তাদের মধ্যে কয়েকজন সাবরাং ইউনিয়নের বাসিন্দা এবং কয়েকজন কুতুপালং এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পের বাসিন্দা।
বিজিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা 1XBET, BABU88, 3666BET, DAILY TAKA, MILLION GOLDEN DEAL, 499BET-সহ বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মে বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ লেনদেন করতেন। এছাড়া কয়েকজন BINANCE ও BYBIT-এর মতো ক্রিপটোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করেও আর্থিক লেনদেন পরিচালনা করতেন। তাদের মোবাইল ও লেনদেনের তথ্য বিশ্লেষণে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। চক্রটি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করত বলেও জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অনলাইন জুয়া ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।