দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ জুলাই) রাত ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় ডাকবাংলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।