দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার শীলখালী ৬৪ বিজিবি চেকপোস্টে অভিযানে মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৬০ হাজার টাকা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উখিয়া গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং এলাকার মো. আমান উল্লাহ (২০) ও নাজিম উদ্দিন (২০)।
বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে টেকনাফ থেকে শাপলাপুরগামী একটি মোটরসাইকেল শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা বিজিবির নারকোটিকস ডগ ‘হেনরি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা আটটি মিনি কাটে থাকা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে শাপলাপুরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।