মিসবাহ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার)
২৩ জুন ২০২৬
কক্সবাজার-টেকনাফ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ ২৩ জুন (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি সংলগ্ন কেয়ারী ঘাটের পাশে, নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের সকল যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পালকী পরিবহন’ (রেজিঃ নং: কক্সবাজার-জ-১১-০২৩২)-এর যাত্রীবাহী বাসটি দমদমিয়া ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সজোরে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বিজিবি সদস্যদের সাহসিকতা, দ্রুত তৎপরতা ও পেশাদার উদ্ধার অভিযানের কারণে বাসে আটকে পড়া সমস্ত যাত্রীকে নিরাপদে ও জীবিত বের করে আনা সম্ভব হয়।
এই ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বাসের সকল যাত্রী প্রাণে বেঁচে গেলেও ২ জন মহিলা এবং ১ জন শিশু গুরুতর আহত হয়েছেন। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।