দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে এ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোছনের ছেলে আব্দুল জলিল (২৫)।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি সিএনজিতে তল্লাশি চালান। এ সময় যাত্রী আব্দুল জলিলের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বিস্তারিতভাবে তল্লাশি করা হয়। পরে তার আন্ডারওয়্যারের ভেতরে লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।