দিদারুল আলম জিসান, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ’ সোমবার (১৫ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকায় এক ব্যক্তি তার নিজ বসতঘরে অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে রেখেছে। তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সকাল সাড়ে ৬টার দিকে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার বাসিন্দা মনছুর আলম (৪২)। তিনি জহির আহমদের ছেলে।
তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-১৫।