দিদারুল আলম জিসান: কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ০৯ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে যে, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী হয়ে টেকনাফের জিন্নাখাল এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সকাল ১০টার দিকে জিন্নাখাল এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরে সকাল প্রায় ১০টা ৫০ মিনিটে মিয়ানমারের অভ্যন্তর থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা নাফ নদী হয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে আটক করেন। তল্লাশি চালিয়ে নৌকাটির ভেতর থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত নৌকার মোট সিজার মূল্য প্রায় ৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।