জাওয়ান উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার)
কক্সবাজারের ঈদগাহ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁ খাল ও গজারিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ঈদগাহ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মংচিংনু মারমা।
জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ঈদগাঁ খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন আবু হেনা (৩৫) নামে এক ব্যক্তি, যার পিতার নাম নুরুল হক। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে ১,৫০,০০০ (দেড় লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শক্তিশালী মেশিন ও পাইপ জব্দ করে তা ধ্বংস (বিনষ্ট) করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আনসার সদস্যদের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা জানান, জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।