৯ মিঃ মিঃ পিস্তলসহ ০১ (এক) জন দুষ্কৃতকারী আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোস্ট
দিদারুল আলম জিসান: কক্সবাজার
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আব্দুল জব্বর এর ছেলে মোহাম্মদ হামিদ (৩৯)।
গতকাল বুধবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল ২২ এপ্রিল আনুমানিক ১৯২০ ঘটিকায় হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ সিএনজি’র চালককে থামার সংকেত দেয়, কিন্তু সিএনজি’র চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ব্লকার ব্যবহার করে সিএনজিটিকে থামিয়ে দেয় এবং চালক মোহাম্মদ হামিদ (৩৯), পিতা-আব্দুল জব্বর, মাতা-আনোয়ারা বেগম, গ্রাম-ফুলের ডেইল, ডাকঘর-হ্নীলা, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে আটক করে। পরর্বতীতে বিজিবি সদস্যরা সিএনজিটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায় এবং চালকের সিটের ভেতর থেকে ৯ মিঃ মিঃ পিস্তল-০১টি ও ম্যাগাজিন-০১টি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার পরিচিত কোনো রোহিঙ্গা ডাকাতের নিকট হতে অস্ত্র সংগ্রহ এবং পালংখালিতে পৌঁছে দেওয়ার জন্য বহন করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক আরও জানান, মাদক, চোরাচালান, অস্ত্র কারবারী এবং জড়িত অন্যদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান, মাদক ও অস্ত্র প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।