দিদারুল আলম জিসান: কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে উখিয়া ৬৪ বিজিবি। এসময় তার কাছ থেকে আনুমানিক ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি নাসির উদ্দীন (২৫)। তিনি টেকনাফ উপজেলার আলিয়াবাদ গ্রামের মোস্তাক মিয়ার ছেলে।
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়ির সামনের বাম্পারের ভেতর অভিনব কায়দায় লুকানো ১৮টি মিনি প্যাকেট থেকে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি তা বহন করছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি ও আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।