দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়া থানাধীন পানবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।
৮ এপিবিএন মিডিয়া সেলের সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৩টার দিকে ৮ এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর দিকনির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভোর ৩টা ১০ মিনিটে উখিয়ার বালুখালীস্থ এফডিএমএন ক্যাম্প-৮/ইস্ট, ব্লক-বি/১৮ এলাকায় রোহিঙ্গা শরণার্থী মোঃ ইলিয়াসের বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় ঘরের ভেতরে একটি কালো পলিথিনের মধ্যে রাখা লকযুক্ত নীল পলি প্যাকেট থেকে ১০,০০০ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল থেকেই মোঃ ইলিয়াস (পিতা: নুর আমিন), এফসিএন নং-১২১১৬১, ব্লক-বি/১৮, ক্যাম্প-৮/ইস্ট, বালুখালী-০১, উখিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।