
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামু ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে হাবিলদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল রামু থানাধীন পাইন বাগান এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় একটি বস্তা ফেলে রেখে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই বস্তা তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।