ঢাকা, ১৩ মার্চ ২০২৬: বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অতিথি বা মন্ত্রীদের স্বাগত জানানোর নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেছেন, এ ধরনের কোনো আয়োজন ভবিষ্যতে গ্রহণযোগ্য হবে না।
মন্ত্রী বলেন, “অতিথিকে শুভেচ্ছা জানাতে বা সংবর্ধনা দিতে শিক্ষার্থীদের রোদে-বৃষ্টিতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা যাবে না। আমার জন্য কোনো শিক্ষার্থীকে রাস্তায় দাঁড় করানো যাবে না। কোনো শিক্ষক যদি এমন করেন, তা কখনো মেনে নেওয়া হবে না।”
তিনি আরও যোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের অনুষ্ঠানের নামে শিক্ষার্থীদের ক্লাস থেকে বিরত রাখা বা তাদের শারীরিক কষ্ট দেওয়া শিক্ষার মূল উদ্দেশ্যের পরিপন্থী। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব প্রতিষ্ঠানে কঠোরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও পড়াশোনার অগ্রাধিকার নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রী এ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।