
নোয়াখালী, ২৫ ফেব্রুয়ারি: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় আজ বুধবার দুপুরে হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নির্বাচন-পরবর্তী সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহরযোগে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের কিছু লোকজন লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এমপি আবদুল হান্নান মাসুদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং গাড়িবহরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলার সময় কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ বিষয়ে আবদুল হান্নান মাসুদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে স্থানীয় সূত্রগুলো বলছে যে হামলার ঘটনা নিশ্চিত এবং এতে কয়েকজন আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।