কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত নম্বরবিহীন অটোরিকশাটি জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘীর রাস্তার মাথা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী আদর্শগ্রামের তৈয়ব উল্লাহ (৩০), বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের দক্ষিণ পূর্বপালং পাড়ার শাহিনা আক্তার (২২) এবং খুনিয়াপালংয়ের মৌলভীবাজার আশ্রয়ণ প্রকল্প এলাকার উম্মে হাবিবা (১৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘নুরজাহান মোটরস’ নামের একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। অটোরিকশাটির পেছনের সিটের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো দুটি পুঁটলি উদ্ধার করা হয়, যার ভেতর ছিল ২০ হাজার পিস ইয়াবা।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।