কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর শীলখালী চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
আটক সিএনজিচালকের নাম মোঃ শওকত আলী (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মোঃ নজির আহমদের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি শীলখালী চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন হিসেবে সেটিতে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। তল্লাশির একপর্যায়ে চালকের আসনের নিচে পলিথিন ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে চালক শওকত আলীকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শওকত স্বীকার করেছেন, তিনি টেকনাফ থেকে কম দামে এসব ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, এই চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতা ও অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত রক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও অবৈধ কারবার প্রতিরোধে নিয়মিত কাজ করে আসছে।