কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ এবং মাছ ধরার ট্রলারে ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা রুখতে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলে জলদস্যুতার আশঙ্কায় সাধারণ জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দস্যুতা প্রতিরোধ ও জড়িতদের গ্রেপ্তারে বঙ্গোপসাগরের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা ও প্রযুক্তিভিত্তিক নজরদারি জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ এবং স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়ার যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে আধুনিক জাহাজ, উচ্চগতির স্পিডবোট, আধুনিক র্যাডার, উন্নত যোগাযোগ প্রযুক্তি ও জিপিএস সিস্টেম ব্যবহার করে সমুদ্রসীমার বিভিন্ন জলযান ও সন্দেহভাজন গতিবিধির ওপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ডের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলে ও বাণিজ্যিক জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চল সম্পূর্ণ দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।