দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর গোলারচর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত মাদক কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।