দিদারুল আলম জিসান: কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তর থেকে প্রায় ৫০০ গজ দূরে আম্মাজান কমিউনিটি সেন্টারের কাছে সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাওয়া করে বিজিবির বিশেষ আভিযানিক দল। এ সময় ইজিবাইক চালক ও ইয়াবা বহনকারীরা ইজিবাইক এবং সঙ্গে থাকা ইয়াবা ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ মালিকবিহীন অবস্থায় তিন কার্টনে থাকা ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।