দিদারুল আলম জিসান: কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ায় সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় ৮ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার নাছরপাড়া গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে আইয়াস উদ্দিন (২২)।
বুধবার (৫ আগস্ট) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে মৌলভীবাজার হৃীলা এলাকা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির নারকোটিক্স ডগ ‘জ্যাক’-এর সহায়তায় তল্লাশি চালান। এ সময় সিএনজির যাত্রীর পেছনের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো চারটি মিনি কাট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ১০ হাজার টাকা।
পরে সিএনজি চালক আইয়াস উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি হৃীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।