নিজস্ব প্রতিবেদক, রামু:
কক্সবাজারের রামুর কলঘর পশুর হাট নিয়ে কোনো ধরনের সংবাদ বা ফেসবুকে পোস্ট না দেওয়ার জন্য স্থানীয় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রামু উপজেলার বিএনপি নেতা মেরাজ আহমেদ চৌধুরী মাহিনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন একটি জাতীয় দৈনিকের রামু প্রতিনিধি সাংবাদিক হাসান তারেক মুকিম।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে সাংবাদিক মুকিম এই হুমকির বিষয়টি জনসমুক্ষে আনেন।
ফেসবুক পোস্টে সাংবাদিক হাসান তারেক মুকিম জানান, বিএনপি নেতা মেরাজ আহমেদ চৌধুরী মাহিন তাকে সংবাদ প্রকাশের জেরে হুমকি দিয়েছেন। অভিযুক্ত মাহিনের দাবি, তারা রামুর কলঘর পশুর হাটটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইজারা নিয়েছেন। বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার কারণে এই হাটের কোনো বিষয় নিয়ে কোনো ধরনের সংবাদপত্রে রিপোর্ট বা ফেসবুকে পোস্ট করা যাবে না বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পশুর হাট নিয়ে কী ধরনের তথ্য আড়াল করতে বা কেন এই সংবাদ প্রকাশে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া হলো—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ এবং একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশে বাধা ও হুমকি দেওয়ার এই ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।