
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বদরখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে শাহেনা বেগম (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।তরুণী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সর্দার পাড়ার মৃত আবুল কাসেমের মেয়ে।
ঘটনার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকাবাসী মসজিদের পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। বিকেলে পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি পুকুরে নামার পর আর উঠতে পারেননি। এ ঘটনায় একটি প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মরদেহটি নিহতের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।