কক্সবাজার, ৭ মার্চ ২০২৬: উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা কোহিনুর আক্তারের (প্রায় ৩০ বছর) লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। তিনি দুবাই প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, কোহিনুর আক্তার গত ৪ দিন আগে তার ৮ বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
মেয়ের চিকিৎসা শেষে ওষুধ আনতে বাইরে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না। পরিবার ও স্থানীয়রা নিখোঁজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট করেন এবং অপহরণের অভিযোগ তুলেছিলেন।
আজ (শনিবার) কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচে তার লাশের সন্ধান মেলে। লাশ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উখিয়া থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে, তবে অপহরণ বা অন্য কোনো অপরাধের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।