সিনিয়র রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেদা এলাকায় একটি সন্দেহজনক বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বাড়িটিতে তল্লাশি করে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।