মিসবাহ উল্লাহ, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে রিয়াজ উদ্দীন (২০) ও কালু (১৮) নামে দুই তরুণ জেলে নিখোঁজ হয়েছেন। মাছ ধরার নৌকা তীরে ফিরে এলেও তাদের সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজদের স্বজনরা।
ঘটনাটি ঘটেছে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা নৌকাঘাট সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায়। নিখোঁজ রিয়াজ উদ্দীন (সামিলা) বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাহাজপুরা গ্রামের ইউনুসের ছেলে এবং নিখোঁজ কালু একই এলাকার মৃত সুলতানের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে গত ২৪ ঘণ্টা আগে অন্যান্য জেলেদের সাথে একটি ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান রিয়াজ ও কালু। সাগরে নির্ধারিত সময় মাছ ধরা শেষে ট্রলারটি জাহাজপুরা ঘাটে এসে নোঙর করে। তবে ট্রলারের অন্য জেলেরা তীরে নামলেও রিয়াজ ও কালু অনুপস্থিত ছিলেন।
সঙ্গীয় জেলেদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ঘাটে ফেরার কোনো এক সময় সাগরের প্রবল স্রোতে ভেসে গিয়ে বা দুর্ঘটনার কবলে পড়ে তারা নিখোঁজ হয়ে থাকতে পারেন।
দুই তরুণ ঘরে না ফেরায় জাহাজপুরা গ্রামজুড়ে নেমে এসেছে শোক ও দুশ্চিন্তার ছায়া। নিখোঁজ জেলেদের স্বজনদের কান্নায় ঘাটের পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বজনরা নিজস্ব উদ্যোগে স্থানীয় অন্য জেলেদের সহায়তায় সাগরের বিভিন্ন পয়েন্টে ট্রলার নিয়ে সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও জাহাজপুরা নৌকা ঘাট পরিচালনা কমিটিকে অবহিত করা হয়েছে।
বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানান, বিষয়টি জানার পরপরই কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের সাগরে সতর্কতার সাথে সন্ধান চালানোর অনুরোধ জানানো হয়েছে।
কোস্ট গার্ড ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে নিখোঁজ দুই তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধারের আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।