দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে চকরিয়া থানার বদর আওলিয়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি ও মহেশখালীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সমুদ্রে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ৫ থেকে ৬ জনের একটি দল বদর আওলিয়া ঘাট এলাকায় অবস্থান করছে। পরে তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা অস্ত্র ও কার্তুজ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।