দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৬১ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল সোনাপাড়া বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালায়। এ সময় সিএনজিতে থাকা এফডিএমএন সদস্য আনোয়ারা বেগম (৪০) ও সাবিকুন নাহার (২২) নামের দুই নারীকে আটক করা হয়।
তাদের শরীরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। আটক দুই নারী উখিয়ার ৬ নম্বর ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, আটক দুই নারীকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, মালিকবিহীন উদ্ধার করা ইয়াবার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।