অনলাইন ডেস্ক:
দেশের মানুষের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, দেশের সাধারণ মানুষ কেবল খাওয়া-পরার দিক থেকেই কষ্টে নেই, বরং ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও তারা চরম সংকটে রয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন ‘মাজলিসুল মুফাসসিরীন’ আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান আলেম সমাজের সম্মান রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। দেশে আলেমদের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ব্যক্তিবিশেষের ভুলের জন্য পুরো আলেম সমাজকে দায়ী করার প্রবণতা সঠিক নয়। দুই-একজনের ভুলের দায়ভার গোটা আলেম সমাজের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে মাজলিসুল মুফাসসিরীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন।