বিশেষ সংবাদদাতা, দৈনিক খবর কক্সবাজার:
কক্সবাজারের সুগন্ধা বীচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর মাদক ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পলাতক আসামি মো: মহিউদ্দিন শরীফকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর ২০২৬) মধ্যরাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রাম)-এর একটি চৌকস যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ দলটি সুগন্ধা বীচ এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুগন্ধা বীচ সংলগ্ন কাসুন্দি হোটেল এলাকা থেকে বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন শরীফকে আটক করতে সক্ষম হয় তারা।
গ্রেফতারকৃত মো: মহিউদ্দিন শরীফ চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা (মৌলভীবাজার, ৯নং পুল, মধ্যম মোহরা, ভোলা খলিফার বাড়ি) এলাকার মৃত নাছেরের ছেলে। তার বিরুদ্ধে বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসতে এসআরবি-১৫ এর এমন সাঁড়াশি অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।