রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে ‘রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উৎসব ২০২৬’ উদযাপনের লক্ষ্যে নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই পরিষদে সাংবাদিক অর্পন বড়ুয়াকে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বিপ্লব বড়ুয়াকে সভাপতি, দয়াল বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং লিটন বড়ুয়াকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, ঐতিহ্যবাহী প্রবারণা পূর্ণিমা ও রামুর বিশ্বখ্যাত কল্প জাহাজ ভাসা উৎসব বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবটি শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়নে সর্বস্তরের সামাজিক ও ধর্মীয় প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।
সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উৎসবের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হবে।