কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আরও পাঁচটি নতুন বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালু করার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন অনুমোদন পাওয়া বিষয়গুলো হলো— ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং প্রাণিবিদ্যা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। ৪ অক্টোবর উপপরিচালক ড. জন্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে কলেজের শিক্ষার্থীরা এখন থেকে উল্লেখিত পাঁচটি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
উল্লেখ্য, কক্সবাজার সরকারি কলেজে আগে থেকেই ৮টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু ছিল। নতুন ৫টি বিষয় যুক্ত হওয়ার মাধ্যমে এখন থেকে মোট ১৩টি বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ তৈরি হলো, যা স্থানীয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং অঞ্চলের উচ্চশিক্ষায় বড় ভূমিকা রাখবে।