দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে টেকনাফের জীম্বংখালী বিওপির আওতাধীন সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফের জীম্বংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) এবং একই এলাকার মো. আবদুর রহিমের ছেলে মো. মামুন (২১)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
পরে তাদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।