কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জন মনোনীত প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। তালিকায় শামীম আরা স্বপ্নার নাম রয়েছে বলে জানা যায়।
কক্সবাজার জেলা বিএনপির একজন সক্রিয় নেত্রী হিসেবে পরিচিত এড. শামীম আরা স্বপ্না দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে ত্যাগ ও সংগ্রামের জন্য পরিচিত। তিনি কক্সবাজার ও বান্দরবান অঞ্চলের সংরক্ষিত আসনের জন্য দলের মধ্যে দীর্ঘদিন আলোচনায় ছিলেন। তার মনোনয়নকে স্বাগত জানিয়ে স্থানীয় রাজনীতিবিদ, আইনজীবী, সুশীল সমাজ ও সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল মঙ্গলবার এবং সংরক্ষিত আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
এই মনোনয়ন কক্সবাজার জেলা বিএনপির জন্য একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।