
নিউজ ডেস্ক :
সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রেখে 'প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪' সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার।
একই সাথে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন ও একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতাও পেতে যাচ্ছে প্রেস কাউন্সিল।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান লিখিত জবাবে এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, যুগোপযোগী এবং কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই লক্ষ্যকে সামনে রেখেই বিদ্যমান আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত এই সংশোধনী পাস হলে পেশাদার সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট তালিকা বা অনলাইন ডেটাবেজ তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি অপসাংবাদিকতা ও গুজব রোধে কাউন্সিলের আইনি সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।