
নিউজ ডেস্ক :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে যেন মৃত্যুদণ্ডের মুখোমুখি না হন, সে বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের ছয়জন পার্লামেন্ট সদস্য। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন এবং স্কটিশ ন্যাশনাল পার্টির সিমাস লোগান। তাঁদের সঙ্গে স্কটিশ পার্লামেন্টের আরও তিন সদস্য এই চিঠিতে যুক্ত হয়েছেন।
চলতি বছরের ডিসেম্বরে শেখ হাসিনার ঢাকায় ফেরার পরিকল্পনার কথা সামনে আসার পর এই উদ্যোগ নিলেন ব্রিটিশ আইনপ্রণেতারা। এর আগে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছিলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে এই মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এবং এ ক্ষেত্রে ‘অন্য কোনো বিকল্প নেই’।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন অবস্থানের কথা জানার পর ব্রিটিশ এমপিরা পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে একটি ‘সমন্বিত কূটনৈতিক উদ্যোগ’ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তাঁরা উল্লেখ করেন, শেখ হাসিনা ঢাকায় ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এমন একটি সুস্পষ্ট লিখিত প্রতিশ্রুতি আদায় করতে হবে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া বাংলাদেশের বর্তমান বিচারিক প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওই ছয় পার্লামেন্ট সদস্য। চিঠিতে তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক দ্বন্দ্ব মেটানোর জন্য ফৌজদারি বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে।’ এ কারণে শেখ হাসিনার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন তাঁরা।
কপি- এই সময় অনলাইন।