
নিউজ ডেস্ক :
স্মার্টফোনের সহজলভ্যতার কারণে অষ্টম শ্রেণি পাস না করেই অনেকে সাংবাদিক বনে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য জয়নুল আবেদিন।
সংসদে বক্তব্য রাখার সময় জয়নুল আবেদিন দেশের বর্তমান সাংবাদিকতার মান এবং অপসাংবাদিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে হাতে একটি স্মার্টফোন থাকলেই শিক্ষাগত যোগ্যতা ছাড়াই অনেকে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। ন্যূনতম প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অষ্টম শ্রেণির গণ্ডি পার না হয়েই এই পেশায় যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে।
তিনি আরও উল্লেখ করেন, পেশাদার ও মূলধারার সাংবাদিকদের চেয়ে এই অপেশাদার ও যোগ্যতাহীন ব্যক্তিরাই সরকারের ভাবমূর্তি এবং কার্যক্রমের বেশি ক্ষতি করছেন। সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।