দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনীর বহুল আলোচিত চারজনকে অপহরণ মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী জুম্মাপাড়ার আব্দুস শুক্কুরের ছেলে খালেকুজ্জামান ওরফে খুইল্লা (২৮) এবং আবু বক্করের ছেলে নবী হোসেন (৩৪)।
এসআরবি-১৫-এর ১১ নভেম্বরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল রংগীখালী বাজারে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার দুজনই ফেনীর চারজন ভিকটিম অপহরণ মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।