দিদারুল আলম জিসান: কক্সবাজার
পাহাড়তলী বৌ বাজারের একটি দোকান থেকে ‘ক্যামেরাম্যান মামুন’কে আটক করেছে এসআরবি-১৫
কক্সবাজারে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর শাহ আলম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মামুন হোসেন ওরফে ‘ক্যামেরাম্যান মামুন’কে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল
রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল পাহাড়তলী বৌ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মোস্তাফিজ কুলিং কর্নার থেকে শাহ আলম হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মামুন হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মামুন হোসেন কক্সবাজার সদর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার ইউসুফ আলী ও মনোয়ারা বেগমের ছেলে।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।